ইমরুলকে বিশ্বকাপে না নেওয়ায় প্রতিবাদ ও সমালোচনার ঝড়!

এ কারণেই হয়তো ইমরুল কায়েস নিজেকে দেশের সবচেয়ে দুর্ভাগা ক্রিকেটার বলে অভিহিত করেন। এই তো মাত্র চার মাস আগের কথা। এশিয়া কাপে ভ্রমণ ক্লান্তি ও গরমের মাঝে আফগানিস্তানের বিপক্ষে ৭২ রান করে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৪, ৯০ ও ১১৫—মোট ৩৪৯ রান করে এক রকম স্বপ্নীল সময় পার করেছিলেন ইমরুল কায়েস। তবুও আজ ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে নেই ইমরুল কায়েস। জিম্বাবুয়ে সিরিজের পর উইন্ডিজ সিরিজের প্রথম দুই ম্যাচে ৪ রান করার পর দলে আর ফেরা হয়নি তাঁর৷
এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বেশ ভেঙে পড়েছেন তিনি। এদিকে, তাঁকে দলে না নেওয়ার জন্য সমালোচনাও করছেন অনেকে। সম্প্রতি স্পোর্টসজোন টোয়েন্টিফোরসহ দেশ সেরা আরো কিছু গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কমেন্ট বক্স কিংবা রিটুইটগুলোয় এমনটি দেখা গেছে।
যেমন ইয়াকুব আলী নামের একজন কমেন্ট করেছেন, “আসুন আমরা ইমরুল কায়েসের জন্য যার যার এলাকা থেকে আন্দোলন শুরু করি।” কেউ কেউ আবার জনপ্রিয় স্পোর্টস পোর্টালগুলোর পরিংখ্যানও টেনে আনছেন। ইমতিয়াজ নামের একজন লিখেছেন,” Cricbuzz ওয়েব সাইট বলছে মাত্র ১৯+ গড়ের ওপেনার লিটনকে নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা! যেখানে ইমরুলের ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা অাছে এবং ইমরুলের ওয়ানডে গড় ৩৪+ সেখানে লিটনের শেষ তিন ওয়ানডেতে রান মাত্র ৩! ESPN & Cricbuzz সাইটই বিসিবি কে ধুয়ে দিলো।” এদিকে কামাল ইসলাম নামের একজন লিখেছেন,” তুমি হচ্ছো বিপদের বন্ধু প্রয়োজন হচ্ছে ক্রিকেট বোর্ডের তোমাকে ব্যবহার করতেছে প্রয়োজন হচ্ছে না তোমাকে ব্যবহার করতেছে না এক কথায় তুমি একজন অবহেলার শিকার।”
এছাড়াও বাদবাকি কমেন্ট বা রিটুইট পড়লে দেখা যায়, কেউ কেউ তীব্র সমালোচনা করছেন। কেউ আবার যে কোনোভাবে ইমরুলকে স্কোয়াডে অন্তর্ভুক্তির জোর দাবি জানাচ্ছেন। আবার কেউ এই বলে সান্ত্বনা দিচ্ছেন যে কেউ না কেউ যখন ইনজুরিতে পড়বে, তখন ঠিকই ইমরুলকে টেনে নিয়ে আসা হবে।

No comments: